মিরপুরের 'জঙ্গি আস্তানায়' গুলির শব্দ
রাজধানীর মিরপুরের জঙ্গি আস্তানায় আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলির শব্দ পাওয়া গেছে। এর আগে আজ সকালে সেখানে তল্লাশি শুরু করে বোমা নিষ্ক্রিয়কারী দল, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ সকালে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ওই এলাকা পরিদর্শন করেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আজ সকালে প্রথম আলোকে বলেন, বোমা নিষ্ক্রিয়কারী দল, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি শুরু করেছেন। বিস্ফোরক থাকার কারণে খুব সাবধানে এগোতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চম তলা পর্যন্ত না ওঠা পর্যন্ত কতজন মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাবে না।
এদিকে আজ দুপুর পৌনে ১২টার দিকে ওই আস্তানায় গুলির শব্দ পাওয়া গেছে। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। একটি সূত্র জানায়, জঙ্গি আবদুল্লাহর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তাঁর বাবা ইউসুফ আলী অনেক আগেই মারা গেছেন। ওই আস্তানায় আবদুল্লাহর সঙ্গে তাঁর দুই স্ত্রী ফাতেমা ও নাসরিন আছেন। আছে দুই শিশু ওসামা ও ওমর। সঙ্গে আবদুল্লার দুই সহযোগী আছেন বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
ওই আস্তানার আশপাশে কড়া অবস্থানে রয়েছে র্যাব। গাবতলীর দিক থেকে ওই এলাকায় যাওয়ার পথ বন্ধ রয়েছে।
জঙ্গি আস্তানাটি ঘিরে রাখার প্রায় ২৪ ঘণ্টার মাথায় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাড়িটিতে পরপর তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়। বাড়ি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বের হয়।
বিস্ফোরণের পরে র্যাবের কর্মকর্তারা বলেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।
গত সোমবার রাত ১১টার দিকে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার ‘কমল প্রভা’ নামের বাড়িটি ঘেরাও করে র্যাব। বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান র্যাব চিহ্নিত করে। পরে বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এক প্রবাসীর মালিকানাধীন ছয়তলা বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাটের ৬৫ জন বাসিন্দাকে সোমবার রাতেই সরিয়ে নেয় র্যাব।