মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন বরখাস্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি বার্তা জেলা প্রশাসনের কার্যালয়ে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, নুরুল আমিনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে দুটির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে আদালত নেন। তিনি (নুরুল আমিন) পলাতক রয়েছেন। এতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮-এর ১৩ এর ১ (খ) অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আসিফ বলেন, ‘যতটুকু জেনেছি, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মাহমুদের বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে। দুটির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনিও পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত কাগজ হাতে পেলে তাঁর বরখাস্ত চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হবে। যার কারণে মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলীকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমানের দায়িত্ব দেওয়া হবে।’
উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় ১০টি মামলায় আসামি করা হয় তাঁকে।
মিরসরাইয়ের হাইতকান্দিতে তিন আওয়ামী লীগ নেতা-কর্মীর বাড়িতে আগুন, যুবলীগের নেতা মহিউদ্দীনকে পুড়িয়ে মারা ও গতকাল সোমবার মিরসরাই পৌর সদরে ট্রেনে নাশকতার ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের অভিযোগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি যেহেতু উপজেলা বিএনপির লিডিং পর্যায়ে রয়েছেন। তাঁর হুকুম ছাড়া কর্মীরা হামলা চালাতে পারে না।
এ প্রসঙ্গে জানতে বারবার ফোন দিয়েও নুরুল আমিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে তাঁর দপ্তরে কোনো চিঠি আসেনি।