মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে এলজিসহ মাঈনুল হাসান ওরফে রিমু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের দেওয়ান আলী ভূঁইয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মিরসরাই থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মাইনুল যুবলীগ সমর্থক বলে জানা গেছে। তিনি উপজেলার কাটাছড়া ইউনিয়নের কাটাছড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা-পুলিশের একটি দল মসজিদিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান চালিয়ে মাঈনুলকে গ্রেপ্তার করে। পরে ঘর তল্লাশি চালিয়ে দেশে তৈরি এলজি ও একটি গুলি উদ্ধার করা হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক বলেন, কেউ যুবলীগের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।