মিরসরাইয়ে আ.লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে ধ্রুব বণিক নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের আসবাবপত্র, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। গত রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্রুব বণিক ওই ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা।
ধ্রুব বণিক জানান, রোববার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরের ওপর পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরাই ধ্রুব বণিকের ঘরে আগুন দিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ঠিক কী কারণে আগুন দিয়েছে, তা তিনি জানাতে পারেননি।