মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার শায়েরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, জায়গাজমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে উপজেলা বিএনপির নেতারা ছাত্রলীগকে দায়ী করেছেন।
সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন সিকদার প্রথম আলোকে বলেন, আদিল মাহমুদ চৌধুরী নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জায়গাজমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আদিল মাহমুদকে ভোরের বাজার এলাকায় কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় মাতৃকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন রাতে প্রথম আলোকে বলেন, ভোরের বাজারে আড্ডা দেওয়ার সময় আদিলকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে গুলিও করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আদিলকে মৃত ঘোষণা করেন।