মিরসরাইয়ে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকা থেকে গতকাল শুক্রবার স্কুলছাত্র ফারহান সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। গত ৬ জুন বিকেল থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ বলছে, অপহরণের পর ফারহানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ফারহান মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা গ্রামের নাছির আহম্মদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ৬ জুন বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ফারহান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে অপহরণের অভিযোগে জোরারগঞ্জ থানায় মামলা করেন তার বড় ভাই শহীদুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদ জানান, অপহরণের ঘটনায় পুলিশ প্রথমে ফারহানদের প্রতিবেশী মো. সরওয়ারের ছোট ভাই হোসেন মোবারক রুবেলকে (২৪) আটক করে। পরে শহীদুল্লাহ (১৯) নামের আরও এক যুবককে ফেনী থেকে আটক করা হয়। সে ফারহানকে হত্যার পর লাশ গুমের তথ্য জানায় পুলিশকে। পরে ফারহানের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, মুক্তিপণ আদায়ের জন্য ফারহানকে অপহরণ করা হয়। কিন্তু ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় অপহরণকারীরা অপহরণের দিন সন্ধ্যায় ফারহানকে হত্যা করে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য ফারহানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাকিবের বড় ভাই শহীদুল ইসলাম বলেন, গত ৬ জুন বিকেলে সাকিবকে বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সরওয়ার।
ফেনী অফিস জানায়, ফেনী সদর উপজেলার লেমুয়া বাজার এলাকা থেকে শহীদুল্লাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বাড়ি জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের অলীনগর গ্রামে।
র‌্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা লেমুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শহীদুল্লাকে গ্রেপ্তার করে। র‌্যাবের ভাষ্যমতে, শহীদুল্লা অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছে এবং এ কাজে তার সহযোগীদের নাম প্রকাশ করেছে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গ্রেপ্তার শহীদুল্লাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।