মিরসরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
নিহত হোসনে আরা বেগম (২৭) মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মজিদিয়া মুহুরীপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী জহির উদ্দিনের স্ত্রী। ১২ বছর আগে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামের হোসনে আরার সঙ্গে জহির উদ্দিনের বিয়ে হয়। তাঁদের ৭ বছরের একটি মেয়ে ও ১০ বছরের একটি ছেলে আছে।
আটক ব্যক্তিরা হলেন জহির উদ্দিনের চাচাতো ভাই আমজাদ হোসেন ওরফে মিয়া ও ভাতিজা মোশাররফ হোসেন।
নিহত হোসনে আরার চাচাতো ভাই মোহাম্মদ আলী ফরহাদ প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে জহিরের বাড়ির লোকজন তাঁদের জানান, হোসনে আরা অসুস্থ। তাঁরা যেন দ্রুত মিরসরাই আসেন। সকাল ৮টার দিকে তাঁরা মিরসরাই পৌঁছার আগে শুনতে পান ডাকাতেরা ঘরে ঢুকে তাঁর বোনকে গলা কেটে হত্যা করেছে। কিন্তু জহিরের প্রতিবেশীরা কোনো ধরনের ডাকাতির কথা জানেন না বলার পর তাঁদের সন্দেহ হয়।
মোহাম্মদ আলী বলেন, একই বসতঘরে হোসনে আরার কক্ষের পাশের কক্ষে থাকেন ভাশুরপুত্র মোশাররফ। তাঁরা জেনেছেন, বুধবার রাতে আমজাদ ও মোশাররফ হোসনে আরাকে হত্যা করে গয়না নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁরা হত্যা মামলা করবেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পর আমজাদ পালিয়ে যান। গতকাল সকাল ১০টার দিকে মুঠোফোন ট্র্যাকিং করে পাশের গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিশ্চিত হয়েছেন আমজাদ ও মোশারফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমজাদের স্বীকারোক্তির ভিত্তিতে মোশাররফকে আটক করা হয়েছে।