মিরসরাইয়ে সোনার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাটে আজ শুক্রবার সন্ধ্যায় একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল সেলিম স্বর্ণ বিতান নামের ওই জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি সোনা লুট করে বলে দাবি করেছে মালিকপক্ষ। চলে যাওয়ার সময় ডাকাতেরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে বারইয়ারহাটে একটি সোনার দোকানে ডাকাতি হয়। মালিকের দাবি, দোকান থেকে ২০০ ভরি সোনা লুট হয়েছে। চলে যাওয়ার সময় ডাকাতদল ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে কোনো হতাহত হয়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী দিদারুল ইসলাম প্রথম আলোকে জানান, সোনার দোকানে ডাকাতি করে ডাকাতদল একটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে ফেনীর দিকে চলে যায়। তাদের অনেকের হাতে অস্ত্রও ছিল। জোরারগঞ্জ থানা থেকে দু শ গজ দূরে বারইয়ারহাট সোনার দোকানে এ ঘটনা ঘটে।