মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ব্যক্তিগত গাড়ি উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনারপাহাড় গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. জহির উদ্দীন (২৫) ও আজিজুল হক (৩৯)। জহির উদ্দীন ফেনী সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। আজিজুল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নয়া টিলা গ্রামের বাসিন্দা ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দীন প্রথম আলোকে বলেন, চালকের আসনে ছিলেন জহির উদ্দীন। ব্যক্তিগত গাড়িটি চট্টগ্রাম থেকে ফেনীতে যাচ্ছিল। গতকাল রাত দেড়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কবিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
এসআই ফরিদ বলেন, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে।