মিরসরাইয়ে 'বন্দুকযুদ্ধে' সোনা লুটের সঙ্গে জড়িত দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার জোরারগঞ্জের মুহুরী প্রজেক্ট এলাকার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার ইয়াকুব আলী (৩৪) ও ঢাকার মিরপুরের কামরুল হাসান (৪১)। নিহত দুজন গত ২৮ ফেব্রুয়ারি মিরসরাইয়ের বারইয়ারহাটে জুয়েলারি দোকানে বোমা ফাটিয়ে ৩০০ ভরি সোনা লুটের ঘটনায় জড়িত ছিলেন বলে জানায় র্যা ব ও পুলিশ।
নিহত ইয়াকুবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। তবে কামরুলের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা জানাতে পারেনি র্যা ব।
‘বন্দুকযুদ্ধের’ বিষয়ে র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বারইয়ারহাটের শামীম জুয়েলার্সে বোমা ফাটিয়ে সোনা লুটের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে র্যা ব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গোপন তথ্যের মাধ্যমে র্যা ব জানতে পারে, সোনা লুটের সঙ্গে জড়িত ইয়াকুবের নেতৃত্বে মুহুরী প্রজেক্ট এলাকায় একদল ডাকাত জড়ো হয়েছে। গতকাল ভোর সাড়ে চারটায় র্যা বের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি চালায়। দুই পক্ষে প্রায় ১০ মিনিট গুলিবিনিময়ের পর র্যা ব সদস্যরা দেখতে পান ডাকাত দলের দুজন সদস্য গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। বাকিরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যা বের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
র্যা ব অধিনায়ক বলেন, ঘটনাস্থল থেকে আটটি পিস্তল, ২১টি গুলি, দুটি কুড়াল, চাপাতি, ছোরা ও রামদা, ৫৮ গ্রাম সোনা, ১০টি মুঠোফোন, ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। ড্রাইভিং লাইসেন্সের ছবি ও ডাকাতি হওয়া জুয়েলার্সের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, তাঁরা ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, নিহত ইয়াকুব জুয়েলার্সে সোনা লুটের ঘটনায় জড়িত। সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে শনাক্ত করা গেছে। কামরুল ভিডিও ফুটেজে ধরা না পড়লেও তিনি ডাকাতির সময় দোকানের বাইরে ছিলেন। তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনাস্থল বেড়িবাঁধের আশপাশে কোনো বসতি নেই।
গতকাল বিকেলে চমেক হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, নিহত দুজনের শরীরে গুলির দাগ রয়েছে। মর্গের ডোম কদম আলী বলেন, বন্দুকযুদ্ধে নিহত দুজনের কোনো স্বজন মর্গে আসেননি।