মির্জাগঞ্জে আ.লীগ নেতার পায়ে গুলি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রাকালিকাপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে বাড়িতে ঢুকে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ ওই নেতার নাম মো. সেলিম গাজী (৪০)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সেলিম গাজী বলেন, শনিবার রাত পৌনে তিনটার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোশ পরা তিন দুর্বৃত্ত তাঁর ঘরে প্রবেশ করে। এরপর তাঁর (সেলিম) হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। দুর্বৃত্তরা তাঁকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার কৈফিয়ত চায় এবং এর একপর্যায়ে তাঁকে মারধর শুরু করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয় এবং তাঁকে মাটিতে ফেলে বাঁ পায়ের হাঁটুতে গুলি করে তারা। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ সেলিম গাজীর সঙ্গে কথা বলেন।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।