মির্জাগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে গতকাল বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হক চুন্নুকে (৪৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত মো. আনোয়ার হোসেন মন্টু (৪০), মো. সাহাদাৎ হোসেন (১৭), মো. আবুল কালাম (৪০), মো. সেলিম মোল্লা (৫০), মো. রুবেল হাওলাদার (২৫), মো. সোহেল (৩২), মো. হান্নান (২৫), মো. হিরণ আকন (৩০) এই আটজনকে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থানীয় সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। সম্মেলনে নতুন কমিটি গঠন নিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরুর একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল খালেক মৃধা গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠনের দাবি তোলেন। এ সময় প্রতিপক্ষ মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার ও তাঁর পক্ষের লোকজন এর বিরোধিতা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।
এ ব্যাপারে খালেক মৃধা বলেন, বিএনপির লোকজনকে দলীয় কমিটিতে স্থান করে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করায় প্রতিপক্ষরা তাঁদের লোকজনের ওপর হামলা চালিয়েছেন। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সম্মেলন বানচাল ও দলকে ক্ষতিগ্রস্ত করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় এখন কোনো পক্ষ থেকে অভিযোগ করেনি।