মির্জাপুর ও কসবায় সাত টন চাল জব্দ
টাঙ্গাইলের মির্জাপুরে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ ও ভিজিডির ৫ হাজার ৯০ কেজি চালসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার কেজি চাল পাচারের সময় জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য বিশেষভিজিএফ ও দরিদ্র নারীদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির ১২৫ বস্তা চালসহ হাফিজুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ। ওই ব্যবসায়ীর বাড়ি উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে। গত বৃহস্পতিবার দুপুরে আনাইতারা ইউনিয়নের ৫৭০ জন ভিজিএফ কার্ডধারীকে ২০ কেজি এবং ৯৫ জন ভিজিডি কার্ডধারীকে ৩০ কেজি করে চাল বিতরণের জন্য আটিয়া মামুদপুর বাজারে নেওয়া হয়। হাফিজুর রহমান সেখান থেকে কিছু চাল চোরাই পথে কেনেন। সন্ধ্যার পর তিনি ওই চাল অন্যত্র বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালসহ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে মির্জাপুর থানার এসআই নুর মোহাম্মদ বলেন, খাদ্য অধিদপ্তরের সিল–সংবলিত বস্তাগুলো জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫০ কেজি ওজনের ৬৭টি ও ৩০ কেজি ওজনের ৩৮টি বস্তা সম্পূর্ণ ইনট্যাক্ট অবস্থায় রয়েছে। এ ছাড়া ৩০ কেজি ওজনের প্লাস্টিকের ২০টি বস্তা রয়েছে। এতে সর্বমোট ৫ হাজার ৯০ কেজি চাল ছিল। এ ঘটনায় মির্জাপুর থানার এসআই কমল সরকার গতকাল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি চাল মজুত ও তা বিক্রির চেষ্টা করার অভিযোগে মামলা করেছেন। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা উপজেলার তিনলাখপীর এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ ট্রাকচালক শামিম মিয়াকে (২৩) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকায়। এ ঘটনায় রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক রুমানা আফরোজ ট্রাকচালক, খাদ্যবান্ধব কর্মসূচির খাড়েরা ইউনিয়নের ডিলার মো. কামরুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কামরুজ্জামান গুদাম থেকে তোলেন। সন্ধ্যায় ট্রাকচালক শামিম খাদ্যবান্ধব কর্মসূচির সিল–সংবলিত ৪০ বস্তা চাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রওনা করেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে কসবার ইউএনও হাসিনা ইসলামকে বিষয়টি জানান।
ট্রাকচালক শামিম মিয়া বলেন, কামরুজ্জামান ওই চাল ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারের এক চাল ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে তাঁর সঙ্গে ট্রাক ভাড়ার চুক্তি করেন। কিন্তু ট্রাকচালকের ওই মন্তব্যকে নাকচ করে দিয়ে কামরুজ্জামান বলেন, তিনি গত বৃহস্পতিবার যে পরিমাণ চাল তুলেছেন, সেই পরিমাণ চাল তাঁর গুদামে মজুত রয়েছে। একটি চক্র তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে কসবা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বলেন, কামরুজ্জামান তাঁর গুদামে বাজার থেকে কিনে এনে চাল জমা রেখেছেন। কসবার ইউএনও হাসিনা ইসলাম বলেন, বিষয়টি তিনি নিজেই তদন্ত করছেন।