মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলার সোহাগপুর গ্রামে অবস্থিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন এএনবি ব্রিকস নামের ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে হাফপ্যান্ট, গায়ে শার্ট ও সোয়েটার ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ সকালে এলাকাবাসী মরদেহটি দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
মির্জাপুরে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির চোখ-মুখ গামছা দিয়ে এবং দুই হাতের কবজি ছেঁড়া লুঙ্গি দিয়ে বাধা ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে গতকাল বুধবার রাতের যেকোনো সময় শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে দুষ্কৃতকারীরা ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করবে। এ ছাড়া নিহত ব্যক্তির পরিচয় বের করা চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।