মির্জাপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে মো. দুদু শেখ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বিলের পাশে একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিঙ্গার মধ্যপাড়া গ্রামে। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন বলে জানা গেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাঁকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কাল শনিবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।