মির্জাপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক খুন
টাঙ্গাইলের মির্জাপুরে সাঈদ আহমেদ ওরফে নুরু (৬৮) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী বলেন, নিহত সাঈদ আহমেদের দুই ছেলে বাদল ও সেলিম চাকরির সুবাদে ঢাকায় থাকেন। একমাত্র মেয়ে ঝর্ণার বিয়ে হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাঈদের স্ত্রী শিরিন আক্তার তাঁর ছোট ভাই রহিম বক্সের বাড়িতে ছিলেন। রাতে সাঈদ একাই ঘরে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা টিনের ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আজ বুধবার সকালে শিরিন বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ এবং বেড়ার টিন কাটা দেখতে পান। তিনি ঘরে ঢুকে বিছানার ওপর তাঁর স্বামীর রক্তাক্ত লাশ দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির ছেলে সেলিম বলেন, ২০০৪ সালের শেষের দিকে তাঁর বাবা বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত ব্যক্তির শোবার ঘর থেকে কিছু স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। চুরি করতে বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত সাঈদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।