মির্জাপুরে এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের পর টাকার বিনিময়ে এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ সুপার তাঁকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করেন।
গতকাল সন্ধ্যায় মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম সিরাজুল ইসলামকে প্রত্যাহার করার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পোষ্টকামুরী গ্রামের আমিনুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল সেলিম মিয়া গত সোমবার সকাল নয়টার দিকে আমিনুরের বাড়িতে যান। সেখানে তাঁরা আমিনুরকে না পেলেও তাঁর স্ত্রী রুমাকে আটক করে হাতকড়া পরান। এ সময় আমিনুরের ছেলে রানা (১৭) তার মাকে ছাড়ার জন্য টাকা দেওয়ার কথা বলে কনস্টেবল সেলিমকে নিয়ে মির্জাপুর বাজারে যায়। এর কিছুক্ষণ পর সেলিমকে নিয়ে রানা বাড়ি ফিরলে রুমার হাতকড়া খুলে দেন সিরাজুল। স্থানীয় ব্যক্তিরা টের পেয়ে ওই দুই পুলিশসহ রুমাকে তাঁদের ঘরে আটক করেন। এ সময় সিরাজুল ও সেলিম বের হওয়ার চেষ্টা করলে তাঁরা তাঁদের পিটুনি দেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গত সোমবার রাতে সিরাজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করার পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সেলিমের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।