মির্জাপুরে এএসআইকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে রিচার্জ করা নিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দোকানের কর্মচারীর মধ্যে মারামারি হয়েছে। গত শুক্রবার উপজেলা সদরের পুরাতন বাসস্টেশনে ঈশা টেলিকমে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর থানার এএসআই সোহেল খন্দকার ঈশা টেলিকমে মুঠোফোনে রিচার্জ করতে যান। দোকানটির কর্মচারী রাব্বি মিয়া তাঁর মুঠোফোন নম্বর খাতায় লেখেন। এ সময় দোকানে আরও গ্রাহক ছিলেন। এএসআই সোহেল অন্য গ্রাহকদের আগে তাঁর মুঠোফোনে রিচার্জ করে দিতে বলেন। এতে অপারগতা প্রকাশ করলে রাব্বির সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গালিগালাজ করলে সোহেলের মাথায় ঘুষি দেন রাব্বি। এতে সোহেলের কপাল ফেটে যায়। পরে দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের কয়েকজন সদস্য গিয়ে সোহেলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেন। ঘটনার পর রাব্বি পালিয়ে যান।

এ বিষয়ে কথা বলার জন্য রাব্বি মিয়ার মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে। দোকানটির মালিক রুবেল মিয়া বলেন, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না।

এএসআই সোহেল খন্দকারের মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনা জানতে চাইলে তিনি ‘ওসি স্যারের সাথে কথা বলেন’ বলে সংযোগ কেটে দেন। এরপর কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।