মির্জাপুরে গণপিটুনিতে এএসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুড়িহাটী গ্রামে গত মঙ্গলবার রাতে গণপিটুনিতে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এএসআই সোহেল রানা মির্জাপুর থানায় কর্মরত। এ ঘটনার সময় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মনা মিয়া (৪৫) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামের কৃষক আবদুল লতিফের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। চোরেরা একটি কাভার্ড ভ্যানে করে গরু নিয়ে পালাচ্ছিল। খবর পেয়ে বুড়িহাটী এলাকায় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেন। এ সময় কাভার্ড ভ্যানের চালকসহ কয়েকজন পালিয়ে যায়। তবে মনা মিয়াকে আটক করে পিটুনি দেয় জনতা।
খবর পেয়ে মির্জাপুর থানার এএসআই সোহেল রানাসহ পুলিশের কয়েকজন সদস্য সাদাপোশাকে সেখানে যান। এ সময় তাঁরাও জনরোষের শিকার হন। নিজেদের পরিচয় দিয়ে পুলিশের সদস্যরা রেহাই পান। তবে এএসআই সোহেল রানা গণপিটুনির শিকার হন। পরে পরিচয় পেয়ে গ্রামবাসী আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী বলেন, সোহেল রানা কাভার্ড ভ্যানটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করছিলেন। উত্তেজিত জনতা তাঁকে চিনতে না পেরে হামলা করে।
জানতে চাইলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আবদুল লতিফ বাদী
হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন। মনা মিয়াকে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পলাতক অন্য লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।