মির্জাপুরে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলি করে ও ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের গোড়াই ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সোহাগপাড়ায় অবস্থিত জুঁই-জুথী ফিলিং স্টেশন পেট্রলপাম্পের মালিক হুমায়ুন কবীর ব্যক্তিগত গাড়ি দিয়ে তাঁর স্ত্রীর বড় ভাই আফসার মল্লিককে ৫০ লাখ টাকা অগ্রণী ব্যাংক মির্জাপুর ক্যাডেট কলেজ শাখায় জমা দিতে পাঠান। গাড়িটি মহাসড়কের ক্যাডেট কলেজ বাসস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে কাছ থেকে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা ককটেল ফাটিয়ে গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা গাড়ির ভেতর থেকে ব্যাগবোঝাই ৫০ লাখ টাকা নিয়ে মহাসড়কের পূর্ব দিকে পালিয়ে যায়।
পেট্রলপাম্পের ব্যবস্থাপক সামসুদ্দিন সমেজ জানান, বিষয়টি মির্জাপুর থানা-পুলিশকে জানানো হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক ভূঁইয়া জানান, টাকাগুলো উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।