মির্জাপুরে চিকিৎসক পরিচয়ে প্রতারণা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে চিকিৎসক পরিচয়ে এক রোগীর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আসলাম খান (২৭)। তিনি উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামের সরোয়ার খানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে সখ্য গড়ে তুলে দীর্ঘদিন ধরে কৌশলে মুঠোফোন নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে হাসপাতালের কর্মকর্তা হায়দার আলী নিরাপত্তাকর্মীদের আসলামের ওপর নজর রাখতে বলেন।

গতকাল সকাল ১০টার দিকে আসলাম হাসপাতালের এমএসবি ওয়ার্ডে গিয়ে প্রথমে রোগীদের কাছে নিজেকে চিকিৎসক পরিচয় দেন। এই সময় তিনি কৌশলে লাভু সিকদার নামের এক রোগীর মুঠোফোন নিয়ে যান। একই ওয়ার্ডে অপর এক রোগীর মুঠোফোন নেওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে গ্রেপ্তার করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার বলেন, প্রতারণার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন গ্রেপ্তার আসলামকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁকে গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।