মির্জাপুরে ঝিনাই নদের বালু লুট, তীরে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে বালু তোলার কারণে মির্জাপুরে ঝিনাই নদে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
অবৈধভাবে বালু তোলার কারণে মির্জাপুরে ঝিনাই নদে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঝিনাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কেটে নেওয়া হচ্ছে নদের পাড়ের মাটি। বালু ও মাটি ট্রাকে করে সরবরাহ করা হচ্ছে। অপরিকল্পিত বালু উত্তোলন ও তীর কাটার ফলে নদ ভাঙছে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও ফসলি জমি নদে বিলীন হচ্ছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের বৈলানপুর এলাকার গৃহবধূ কহিনুর বেগম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ঝিনাই নদকে স্থানীয় লোকজন বলেন বউমরা নদী। ব্যবসায়ীদের বালু রাখার জন্য তিনি গত বছর এক লাখ টাকায় জমি ভাড়া দিয়েছিলেন। বালু ব্যবসায়ীরা খননযন্ত্র (ড্রেজার) দিয়ে নদ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে তীর ভাঙে। গত বর্ষা মৌসুমে তাঁর পাকা ঘরসহ ২০০ শতাংশ জমি নদে হারিয়ে যায়। এখন বসতভিটাও চলে যাচ্ছে।

কহিনুরের প্রতিবেশী সেলিম খান বলেন, তাঁর সাড়ে ১২ শতক ভিটেমাটি ছিল। সবই গেছে নদীগর্ভে। এখন অন্য একজনের জায়গায় ঘর তুলে কোনো রকমে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন।

গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গত বছর ওই এলাকায় ১০টি খননযন্ত্র দিয়ে নদ থেকে বালু তোলা হয়। এ বছর বর্ষা মৌসুমে বালু তোলা শুরু হয়। এখনো চলছে। দিনরাত অন্তত ৫০টি ড্রাম ট্রাক বালু ও মাটি নিয়ে যাচ্ছে। প্রতি ট্রাক বালু কিংবা মাটি ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করা হয়।

গতকাল সরেজমিনে নদ থেকে বালু উত্তোলনের দৃশ্য দেখা গেছে। ফতেপুরের থলপাড়া থেকে ফতেপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অন্তত আটটি খননযন্ত্রের সাহায্যে চলছে এ বালু উত্তোলন। এ ছাড়া থলপাড়া ও ফতেপুর গ্রামের অন্তত চারটি স্থানে যন্ত্রের (ভেকু) সাহায্যে নদের পাড় কেটে নিতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নদ থেকে বালু তোলার পাশাপাশি এখন নদের পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। দিনরাত চলছে বালু ও মাটি লুট। কিন্তু উপজেলা প্রশাসন নির্বিকার।

থলপাড়া গ্রামের মধ্যপাড়া এলাকায় নদের পাড় থেকে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র সরবরাহ করা হচ্ছে। নদে খননযন্ত্র বসানোর কাজ করার সময় থলপাড়া গ্রামের পাপন মিয়া বলেন, এখান থেকে তাঁরা বালু তুলে অন্যত্র বিক্রি করেন। তাঁদের নিজস্ব সম্পত্তি নদ ভেঙে নিয়ে গেছে। এ কারণে তিনি বালুর ব্যবসা করছেন।

বৈলানপুর এলাকায় পাঁচটি খননযন্ত্র দিয়ে নদ থেকে বালু তোলা হচ্ছে। বিক্রির জন্য নদের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। বালু তোলার কারণে কুর্ণী-ফতেপুর সড়ক রক্ষাকারী বাঁধের প্রায় ১৫০ ফুট জায়গা দেবে ও ভেঙে গেছে। বৈলানপুরের পাশে হিলরা বাজারও ভাঙনের মুখে। ইতিমধ্যে সাত-আটটি দোকান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, পাড় কাটা ও নদ থেকে বালু উত্তোলনের সঙ্গে থলপাড়া গ্রামের সজল মিয়া, হিলরা গ্রামের লিটন মিয়া, নাদু মিয়া, ইব্রাহিম মিয়া, সাকনাইর চরের মিলন হোসেন, ফতেপুর গ্রামের নুরু মিয়া, তোফাজ্জল হোসেন, শওকতসহ অনেকেই জড়িত।

ফতেপুর বাজারের পাশে গোড়াকী-ফতেপুর খাল থেকে তোফাজ্জল হোসেন মাটি কেটে নিচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, তাঁদের জায়গাসহ খালের জায়গার কিছু অংশ থেকে মাটি কেটে বিক্রি করেছেন।

মুঠোফোনে জানতে চাইলে নাদু মিয়া বলেন, ‘এসব নিয়ে আমার সঙ্গে কথা বলে লাভ নেই।’

মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন তালুকদার বলেন, নদ থেকে বালু উত্তোলনে কাউকে না করে কোনো লাভ হয় না। অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে দেখতে হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন বলেন, তিনি এখানে নতুন যোগদান করেছেন। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।