টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গ্যাসের অবৈধ সংযোগের টাকা ফেরত পেতে গত শুক্রবার এক ঠিকাদারের সহযোগীকে আটক করেছেন স্থানীয় লোকজন। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় আড়াই বছর আগে উপজেলার মুসলিমপাড়া এলাকার ২৪ ব্যক্তি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি টাঙ্গাইলের তৎকালীন ঠিকাদার মুকুল সাহার মাধ্যমে গ্যাসের অবৈধ সংযোগ নেন। এ জন্য এলাকাবাসী দিনাজপুরের কাহারোলের নির্মইল গ্রামের বাসিন্দা ও কুমুদিনী হাসপাতালের প্লাম্বিং শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়ের মাধ্যমে মুকুলকে প্রায় ২৪ লাখ টাকা দেন। ওই সময় মুকুল এলাকাবাসীকে অবৈধ সংযোগ বৈধ করে দেওয়ার আশ্বাস দেন। তিতাস কর্তৃপক্ষ গত বছরের মে মাসে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় এলাকাবাসী টাকা ফেরতের জন্য জিতেন্দ্রকে তাগাদা দেন। টাকা ফেরত না দেওয়ায় গত বছরের ২২ আগস্ট এলাকাবাসী জিতেন্দ্রর ৭ শতাংশ জমি দখলে নেন। সে সময় মুকুলের কাছ থেকে টাকা ফেরত আনার আশ্বাস দেন জিতেন্দ্র। পরে এলাকাবাসী জমির দখল ছেড়ে দেয়। গত শুক্রবার জিতেন্দ্র তাঁর জায়গায় যাচ্ছেন–এমন খবর পেয়ে খবরে এলাকাবাসী মুসলিমপাড়া থেকে তাঁকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শামসুল আলম বলেন, সংযোগ নেওয়ার সময় তিনি জিতেন্দ্রের মাধ্যমে মুকুলকে টাকা দিয়েছিলেন। জিতেন্দ্র বলেন, গ্যাসের অবৈধ-সংযোগ দিতে তিনি কোনো টাকা নেননি। এলাকাবাসীর স্বার্থে তিনি টাকা নিয়ে মুকুলকে দিয়েছিলেন। ঠিকাদার মুকুল বলেন, জিতেন্দ্র এলাকাবাসীর টাকা ফেরত দিতে তিন-চার দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি তাঁকে (জিতেন্দ্র) এলাকাবাসীর সংযোগ বৈধ করার আশ্বাস দিয়েছেন।
মির্জাপুর থানার ওসি মাইন উদ্দিন জানান, জিতেন্দ্র পুলিশের হেফাজতে রয়েছে। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়ায় গতকাল সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।