মির্জাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। এদের মধ্যে দুজন গতকাল বুধবার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত ব্যক্তিদের একজন হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। গণপিটুনিতে গুরুতর আহত সিরাজগঞ্জের চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নেক মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া ও আবু তালেব, উফুলকী গ্রামের আজাহার আলী ও মো. রবির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুট করে। আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে ডাকাতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। স্থানীয় লোকজন তিন ডাকাতকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে ওই তিনজনকে এলাকাবাসী পিটুনি দেয়।