মির্জাপুরে ডিবি পরিচয়ে দুই লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তোলার পর আবদুল মালেক (৬০) নামের এক কৃষকের কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার আবদুল মালেকের বাড়ি উপজেলার লতিফপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে মালেক জমি কেনার জন্য বায়না (অগ্রিম) দিতে দুই লাখ টাকা নিয়ে সাইকেলযোগে বাড়ি থেকে মির্জাপুরের উদ্দেশে রওনা হন। পথে ওই এলাকায় চার ছিনতাইকারী নিজেদের ডিবি পরিচয়ে মালেককে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন। এ সময় মালেকের সঙ্গে ওই ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তারা তাঁকে মাইক্রোবাসে তুলে টাঙ্গাইলের দিকে রওনা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, ঘটনা দেখে স্থানীয় এক ব্যক্তি ব্যক্তিগত গাড়ি নিয়ে মাইক্রোবাসটির পিছু নেন। এ সময় তিনি বিষয়টি মির্জাপুর থানা, দেওহাটা পুলিশ ফাঁড়ি ও মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা–পুলিশকে জানান। ইতিমধ্যে দুর্বৃত্তরা মালেকের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-মির্জাপুর মহাসড়কের আছিমতলা এলাকায় তাঁকে ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এরই মধ্যে পুলিশের তৎপরতা বেড়ে যায়। মাইক্রোবাসের চালক পুরাতন সড়ক দিয়ে এগিয়ে যেতে থাকেন। পরে তারা মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ সেখানে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।