মির্জাপুরে দুই শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাকার ধামরাইয়ের চরচৌহাট গ্রামের শিশু শাকিল ও ইমরান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলো, শিশু ইমরানের চাচা তারা মিয়া (৪৫) ও তারার ছেলে মিল্টন (২০) ও মির্জাপুরের হারিয়া গ্রামের রাসেল (২২)। আটক দুজন হলেন, রুবেল (২৩) ও রাব্বি (২২)।
গত বুধবার দুপুরে শাকিল ও ইমরান মির্জাপুরের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায়। কিন্তু আর বাড়ি ফেরেনি তারা। পরে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে ৫০ গজ দূরে মির্জাপুর উপজেলার মুরাভাঙ্গা এলাকার একটি লেবু বাগানে তাদের গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় গতকাল শনিবার শাকিলের মা জোসনা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
ঢাকা জেলা পুলিশ সূত্র জানায়, প্রযুক্তির সাহায্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সারা দিন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তাঁরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। পরে আজ রোববার সন্ধ্যায় এ পাঁচজনকে মির্জাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। শুধু তিনি বলেন, ঘটনার তদন্তে কাজ করছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।