মির্জাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমিনুর মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কিশোরীর পরিবারের অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে ওই কিশোরী গরমের কারণে ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির পাশের রাস্তায় হাঁটছিল। এ সময় আমিনুর পেছন থেকে মুখ চেপে ধরে কাপড় দিয়ে তার চোখ বেঁধে ফেলেন। এরপর কিশোরীকে তাঁদের বাড়ি নিয়ে গিয়ে আমিনুরসহ কয়েকজন মিলে পাশবিক নির্যাতন করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় পাশের একটি লেবুবাগানে ফেলে রাখে। গতকাল বুধবার বিকেলে কিশোরীকে লেবুবাগান থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনাটি মির্জাপুর থানার পুলিশকে জানান। সেই সঙ্গে চিকিৎসার জন্য কিশোরীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আমিনুরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। হাসপাতালে চিকিৎসাধীন ওই মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।