মির্জাপুরে ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জুগিরকোফা গ্রামে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার ওই ছাত্রীর দাদা মামলাটি দায়ের করেন। আসামিপক্ষের লোকজন মামলাটি তুলে নেওয়ার জন্য এখন হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই মামলার আসামির নাম পাপন খান (২৪)। তার বাড়ি মির্জাপুর উপজেলার জুগিরকোফা গ্রামে। ঘটনার পর থেকে পাপন পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার বিকেলে পাপন খান মুঠোফোনে ছবি দেখানোর কথা বলে ওই ছাত্রীকে (৭) বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর পাপন তাকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
মামলার বাদী ও মেয়ের দাদা অভিযোগ করেন, থানা থেকে মামলা তুলে নিতে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিপক্ষের লোকজন। এ ব্যাপারে আসামি পাপন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।