মির্জাপুরে নদীর পাড় কেটে মাটি বিক্রি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে নদীর পাড় ও পাড়সংলগ্ন জমির মাটি কেটে প্রভাবশালীরা বিক্রি করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে তাঁরা ভয়ে ওই প্রভাবশালীদের কিছু বলতে পারছেন না।
গত শুক্রবার সরেজমিন দেখা গেছে, উপজেলার বংশাই নদের যোগীরকোফা-বাওয়ার কুমারজানী-রশিদ দেওহাটা সংযোগ এলাকায় ৩০ থেকে ৪০ ফুট গভীর করে আশপাশের ১৫০ গজ জায়গা থেকে মাটি কাটা হচ্ছে। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মাটি লুটকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এমনকি যাঁদের জমি থেকে মাটি কাটা হচ্ছে, তাঁদের নামমাত্র টাকা দেওয়া হচ্ছে।
ওই স্থানে মাটি কাটারত কয়েকজন শ্রমিক জানান, প্রায় চার মাস আগে থেকে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। রশিদ দেওহাটা গ্রামের শাজাহান, আবদুর রউফ ও গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুজ্জামান জামান এতে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের কাছ থেকে মাটি নিয়ে মীর দেওহাটা এলাকার মল্লিক ব্রাদার্স এন্টারপ্রাইজের মালিক হাসান মল্লিক বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করেন।
হাসান মল্লিক জানান, দূরত্ব অনুযায়ী (এক থেকে পাঁচ কিলোমিটার) বড় আকারের প্রতি ট্রাক মাটি ২ হাজার ৩০০ টাকা থেকে ৫ হাজার টাকা এবং ছোট আকারের প্রতি ট্রাক মাটি ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
মাটি কাটার হিসাব সংরক্ষণের কাজে নিয়োজিত ধেরুয়া গ্রামের ফারুক হোসেন জানান, ওই স্থান থেকে প্রতিদিন প্রায় ৪০ ট্রাক মাটি বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তাঁর হিসাবে গড়ে প্রতিদিন ১ লাখ টাকার মাটি কাটা হয়। তবে প্রকৃতপক্ষে প্রতিদিন ৩ লাখেরও বেশি টাকার মাটি কাটা হয় বলে আশপাশের কয়েকজন জানিয়েছেন। মাটি কাটার দেখভালের দায়িত্বে থাকা রশিদ দেওহাটা গ্রামের সিরাজুল হক বলেন, ‘শাজাহান, জামান মেম্বার ও রউফ এলাকার রেকর্ডভুক্ত সম্পত্তির মাটি কিনে তা বিক্রি করেন। এ ছাড়া নদীর মাঝখানে জেগে ওঠা চরের মাটি আনতে ১০টি পাইপ দিয়ে নদীতে বাঁধ দেওয়া হয়। একাধিকবার বাঁধ দিলেও তা ভেঙে যাওয়ায় মাটি আনা যায়নি। সেখান থেকে মাটি আনার চেষ্টা চলছে। আগে পাঁচটি এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হতো। এখন দুই থেকে তিনটি ভেকু দিয়ে মাটি কাটা হয়।’
এ ব্যাপারে ইউপি সদস্য জামান জানান, তিনি সেখানে খুব একটা যান না। বিষয়টি শাজাহান দেখাশোনা করেন। রেকর্ডভুক্ত সম্পত্তি হলেও মাটি কাটতে প্রশাসনের অনুমতি লাগে। অনুমতি নিয়েছেন কি না, জানতে চাইলে জামান বলেন, ‘অনুমতি ছাড়া তো আর প্রশাসন সেখানে যেতে দেয় না।’ শাজাহান জানান, টাঙ্গাইলের সুমন নামে এক ঠিকাদারের কাছ থেকে তাঁরা নদীর চর সাব-কন্ট্রাক্ট এনেছেন। চরের দাগের সঙ্গে নদীর পাড়ের দাগও রয়েছে দাবি করে তিনি বলেন, ‘চরের মাটি আনতে বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু তা ভেঙে যাওয়াতে মাটি আনা সম্ভব হয়নি।’ নদীর পাড় কাটার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘প্রতিবছরই মাটি কাটি হয়, আবার ভরে যায়।’
এ ব্যাপারে সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।