মির্জাপুরে লুট হওয়া তেলবাহী ট্রাক মানিকগঞ্জে উদ্ধার, আটক ১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় লুট হওয়া সয়াবিন তেলবাহী ট্রাক মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার বালিয়াকান্দা এলাকা থেকে তিন ড্রাম এবং হরিরামপুরের মাচাইন থেকে আরও তিন ড্রাম তেল উদ্ধার করে পুলিশ। এ সময় লুট হওয়া তেল কেনার অভিযোগে তজুমুদ্দিন আহমদ (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
শিবালয় ও মির্জাপুর থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকে করে ৬০ ড্রাম সয়াবিন তেল মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটি ড্রামে ১৮৬ কেজি সয়াবিন ছিল। রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শ্মশানঘাট এলাকায় তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে ট্রাকটির গতি রোধ করে। এরপর অস্ত্রের মুখে ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। তারপর পেছনে থাকা আরেকটি ট্রাকে তাঁদের তুলে নেয়। শনিবার দুপুরে মানিকগঞ্জ বিসিক শিল্পনগরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
ওই দিন রাতে শিবালয় ও মির্জাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাচাইন বাজারের একটি মুদি দোকানের গোডাউন থেকে লুট হওয়া তিন ড্রাম তেল উদ্ধার করে। মধ্যরাতে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) বালিয়াকান্দা এলাকার কমিউনিটি ক্লিনিকের পরিত্যক্ত ভবন থেকে লুট হওয়া আরও তিন ড্রাম তেল উদ্ধার করে।
মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত বলেন, এ ঘটনায় রূপালী স্টোরের ব্যবস্থাপক রেজাউল করিম একটি মামলা করেছেন।