মির্জাপুরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুল্যা বেগম গ্রামে গত শনিবার এক বৃদ্ধা খুন হয়েছেন। অনৈতিক কাজে বাধা দেওয়ায় তাঁর পুত্রবধূ ও পুত্রবধূর প্রেমিক গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধার নাম মমতাজ বেওয়া (৬০)। পুলিশ তাঁর পূত্রবধূকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসনার স্বামী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। গত শনিবার রাতেও তিনি সেখানে কর্মরত ছিলেন। ওই পুত্রবধূর প্রেমিক নাগরপুর উপজেলার গাজুটিয়া গ্রামের আক্কাছ আলী (২৫) রাত ১২টার দিকে ওই বাড়িতে আসে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, ঘরে ঢুকে আক্কাছ ওই পূত্রবধূর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হলে শাশুড়ি মমতাজ বেওয়া দেখে ফেলেন এবং এতে বাধা দেন। এ সময় আক্কাছ ওই পুত্রবধূর সহায়তায় গলায় ওড়না পেঁচিয়ে মমতাজকে শ্বাসরোধে হত্যা করে।
মির্জাপুর থানার এসআই বাহালুল খানের ভাষ্যমতে, আক্কাছ ও গ্রেপ্তার হওয়া নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। শনিবার রাতে আক্কাছ ঘরে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত হয়। ঘটনা দেখে ফেলায় আক্কাছ তাঁকে হত্যা করেছে বলে গ্রেপ্তার হওয়া নারী পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা হয়েছে।