মির্জাপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল করিম ভূঁইয়া (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলা সদর থেকে তাঁকে আটক করা হয়।

শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, আবদুল করিম ওই শিশুকে দোকান থেকে পান আনতে বলেন। পান নিয়ে ওই শিশু তাঁর ঘরে যাওয়ার পর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে তিনি শিশুটিকে টাকা দিয়ে ঘর থেকে বের করে দেন। সেখান থেকে বেরিয়ে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়ে। পরে ওই শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি বলে। জানতে পেরে এলাকাবাসী আবদুল করিমের বাড়ি ঘেরাও করে ভাঙচুর করে। একপর্যায়ে তাঁকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। মামলায় আবদুল করিমকে গ্রেপ্তার দেখানো হবে।