মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ, কারখানা ভাঙচুর
অতিরিক্ত কাজের (ওভারটাইম) দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে নিউএইজ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডাইং কারখানায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। তবে বড় কোনো সহিংসতা হয়নি।
কয়েকজন শ্রমিক জানান, ওই কারখানায় চার শতাধিক শ্রমিক কর্মরত আছেন। নিয়োগের সময় কর্তৃপক্ষ তাঁদের মূল বেতনের সঙ্গে প্রতি মাসে ১৪০ ঘণ্টা ওভারটাইম দেওয়ার কথা বলেছিলেন। শ্রমিকেরা সেই অনুযায়ী দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ ওভারটাইম বন্ধ করে দেন। এতে অসন্তোষ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
গতকাল সকালে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। ভাঙচুর করেন কারখানার প্রধান ফটকের অফিসকক্ষের কাচ। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তখন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুদ্দীন সেখানে উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করে কাজে যোগ দেন।
নিউএইজ কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, ক্রেতাদের চাপ থাকায় ওভারটাইম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শ্রমিকদের স্বার্থের বিষয়ে কর্তৃপক্ষও সতর্ক বলে তিনি মন্তব্য করেন।