মির্জাপুরে স্টেশনমাস্টারের দায়িত্ব পালন করেন পয়েন্টসম্যান!
টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনের পয়েন্টসম্যান (পয়েন্ট অপারেটর) তারেক আহমেদ। স্টেশনমাস্টারের চেয়ারে বসে দিব্যি ট্রেন পরিচালনা, টিকিট বিক্রিসহ যাবতীয় কাজ করছেন। স্টেশনের প্রায় প্রতিদিনের চিত্র এটি।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, এ স্টেশন হয়েপ্রতিদিন ১৮টি ট্রেন চলাচল করে। শুরু থেকেই মির্জাপুর রেলস্টেশনে একজন স্টেশনমাস্টার ও একজন সহকারী স্টেশনমাস্টার কর্মরত আছেন। পালাক্রমে তাঁরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতেন। প্রায় দুই বছর ধরে এ স্টেশনে যোগদানকারী স্টেশনমাস্টার আফসার আলী ও বছর খানেক আগে যোগদানকারী সহকারী স্টেশনমাস্টার নাজমুল হুদা তাঁদের দায়িত্ব ঠিকমতোপালন করছেন না বলে অভিযোগ রয়েছে।
গত শনিবার সকাল সাড়ে ১০টায় স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশনমাস্টার নেই। সহকারী স্টেশনমাস্টার নাজমুল বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তারেক সহকারী স্টেশনমাস্টারের কক্ষে তাঁর (স্টেশনমাস্টার/সহকারী স্টেশনমাস্টার) চেয়ারে বসে স্টেশনের কার্যক্রম পরিচালনা করেন। তারেক খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার করান। পরে তিনি রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রিসহ যাবতীয় কাজ শুরু করেন। জানতে চাইলে তিনি বলেন, স্টেশনমাস্টার কার্যালয়ের কাজে বৃহস্পতিবার পাকশী গেছেন। আর সহকারী স্টেশনমাস্টারস্ত্রীর অসুস্থার কারণে কিছুক্ষণ আগে বাড়ি গেলেন।
তবে ওই দিনই দুপুর পৌনে ১২টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আফসার আলী মির্জাপুরে আসেন। তারেক ট্রেনের টিকিট বিক্রির টাকা প্যাকেটে ভরে সিলগালা করেন। যদিও এ কাজটি করার কথা স্টেশনমাস্টারের।
রেলস্টেশন সূত্র আরও জানায়, রেলওয়ের নিয়মানুযায়ী স্টেশনমাস্টারদের ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করার কথা। কিন্তু নিজেদের সুবিধার জন্য তাঁরা সপ্তাহের তিন দিন করে দায়িত্ব পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশনের দুই কর্মচারী জানান, মাস্টার ও সহকারী মাস্টারের এই স্বেচ্ছাচারিতা নিত্যদিনের ঘটনা। স্টেশন এলাকায় কর্মরত আনসার সদস্য আব্বাস আলীসহ কয়েকজন একই ধরনের অভিযোগ করেন। তাঁরা আরও জানান, স্টেশনমাস্টার উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ের গেটম্যানদের গত ২৩ ফেব্রুয়ারি দুটি ও ১০ মার্চ তিনটি ট্রেন আসার সংকেত না দেওয়ায় তাঁরা (গেটম্যান) সময়মতো গেট ফেলতে পারেননি। পরে গেটম্যান ও কর্মরত আনসার সদস্যরা দুই পাশে হাত উঁচিয়ে দাঁড়িয়ে ট্রেনগুলো পার করান।
স্থানীয় হাবিল মৃধা, আনোয়ার হোসেন, শামীম আল মামুনসহ আরও অনেকে জানান, স্টেশনমাস্টার ঠিকমতো দায়িত্ব পালন না করলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অধিকাংশ সময় স্টেশনে মাস্টার না থাকার বিষয়ে জানতে চাইলে আফসার আলী বলেন, একজন কাজ করলেই হলো। তবে এ সময় মির্জাপুর রেলস্টেশনে স্টেশনমাস্টারের কক্ষে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক জিন্নাহ মামুনকে পাওয়া যায়। তিনি জানান, স্টেশনমাস্টারদের কারও অবৈধভাবে অনুপস্থিত থাকার কথা নয়। বিষয়টি পাকশী বিভাগের সঙ্গে কথা বলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুরের ইউএনও মাসুম আহমেদ বলেন, স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা রয়েছে। আজ (গতকাল সোমবার) স্টেশনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সহকারী স্টেশনমাস্টার বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন।