মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বিক্রয় ডটকমের এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে মির্জাপুর উপজেলার দেওহাটা বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ক্ষুদিরামপুর গ্রামের আবদুস সালাম মিয়া (৩২) ও গোসাইবাড়ী কুমুল্লী গ্রামের আরিফ হোসেন (৩৩)। তাঁদের মধ্যে সালাম অনলাইনে পণ্য বেচাকেনার প্রতিষ্ঠান বিক্রয় ডটকমের কর্মী ও আরিফ একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরীক্ষক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে মোটরসাইকেলে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন সালাম ও আরিফ। সাড়ে আটটার দিকে পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাস স্টেশন এলাকায় কালিয়াকৈরগামী একটি ম্যাক্সি (মাইক্রোবাস কেটে বানানো যান) অতিক্রম করার সময় সেটি তাঁদের মোটরসাইকেলকে হালকা ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাকও তাঁদের মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং তাঁরা দুজন নিহত হন। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক সিরাজগঞ্জ সদরের শহিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে।

মির্জাপুর থানার এসআই রাজিউর রহমান বলেন, ম্যাক্সির চালক মহাসড়কে একটু একটু করে এগিয়ে থেমে থেমে যাত্রী তুলছিলেন। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত আরিফের ভাই আজাদ হোসেন মির্জাপুর থানায় মামলা করবেন। আজ রোববার গ্রেপ্তারকৃত ট্রাকচালককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।