মির্জাপুরে ২০ দিনে সাতটি ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ২০ দিনে সাতটি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকার অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ছাড়া গত শনিবার রাতে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে জুলহাস মিয়া (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
জুলহাসের বাড়ি মাদারীপুরের কালকীপুর গ্রামে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি গ্রামের চিকিৎসক শওকত হোসেনের বাড়িতে হানা দেয়।
তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে ৭০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটে করে। ওই রাতে ডাকাত দল পাশের মুন্দিরাপাড়া গ্রামের সৌদিপ্রবাসী আবদুর রহিমের ঘরে ঢুকে দুই লাখ ২০ হাজার টাকা, পাঁচ ভরি সোনার গয়না, একটি ল্যাপটপ ও পাঁচটি মুঠোফোন লুটে নেয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া দেন।
এ সময় জুলহাসকে গণপিটুনি দিলে তিনি আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তিনি মারা যান।
১০ ডিসেম্বর ডাকাত দল উপজেলার পাকুল্যা-দেলদুয়ার সড়কের পাকুল্যা এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে রাখে। এ সময় তারা কয়েকটি যানবাহনের চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
গত ২৩ নভেম্বর রাতে ডাকাত দল রাজনগর গ্রামের আকবর আলীর ঘরে ঢুকে সোনার গয়নাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে।
একই সময় ওই গ্রামের ইসমাইল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দিয়ে তারা ল্যাপটপসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট করে।
ওই রাতে ডাকাতেরা রাজনগর সেতুর পাশে নির্মাণাধীন মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে হানা দিয়ে মুঠোফোনসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুটে নেয়।
একই রাতে ডাকাত দল ঘুগী গ্রামের বাসিন্দা শামসুল আলমের বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, মুঠোফোন, টাকাসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটে নেয়।
ঘুগী গ্রামের সিদ্দিকুর রহমান জানান, যেভাবে এলাকায় ডাকাতি শুরু হয়েছে, তাতে তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পাকুল্যা অটোটেম্পো মালিক সমিতির সভাপতি হিটলু মিয়া জানান, রাস্তায় গাছ ফেলে মাঝেমধ্যে ডাকাতির ঘটনা ঘটছে। এ কারণে সন্ধ্যার পর তাঁরা রাস্তায় টেম্পো বের করতে ভয় পান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গত শনিবার রাতের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।