মির্জাপুরের আট ব্যক্তি ভারতের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মানব পাচারকারীদের খপ্পরে পড়ে আট ব্যক্তি নয় মাস ধরে ভারতের কারাগারে রয়েছেন। ওই আট ব্যক্তির পরিবার ও তাঁদের আত্মীয়স্বজন গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এসব কথা জানান।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের আত্মীয় সিরাজুল ইসলাম থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীদের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া ঘোনাপাড়া এলাকার নজরুল ইসলাম ও তাঁর সহযোগী মোহাম্মদ আলী প্রায় দুই বছর আগে মালদ্বীপ পাঠানোর কথা বলে একই ইউনিয়নের হাট ফতেপুর গ্রামের রিপন (৩০), সবুজ মিয়া (২৬), বাবুল (৩৫), থলপাড়া ঘোনাপাড়া গ্রামের জয়নাল (৪৩), মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামের জুলহাস (৩৫), হিলড়া আদাবাড়ি গ্রামের সোহেল (২৮), জামুর্কী ইউনিয়নের ধল্যা গ্রামের আলমগীর (২৬) ও দেলদুয়ারের ফাজিলহাটি ইউনিয়নের কামান্না গ্রামের সুজন মিয়ার (২৬) কাছ থেকে দুই লাখ করে টাকা নেন।
গত বছরের ১৩ আগস্ট ওই ব্যক্তিদের মালদ্বীপ পাঠানোর কথা বলে তাঁরা ঢাকায় নিয়ে যান। এরপর দীর্ঘদিন ওই আটজনের খোঁজ পায়নি তাঁদের পরিবার। পাচারকারীদের কাছে ওই ব্যক্তিদের পরিবার তাঁদের ব্যাপারে জানতে চাইলে তাঁরা জানান, সবাই মালদ্বীপ গেছেন।
সিরাজুল জানান, ভূঞাপুরের এক গরু ব্যবসায়ীর মাধ্যমে তিনি জানতে পারেন ওই আট ব্যক্তি ভারতের দিনাজপুর বালুঘাট কারাগারে আটক রয়েছেন। খবরটি তিনি ওই ব্যক্তিদের পরিবারকে জানালে পাচারের শিকার জয়নালের বাবা ওয়াহেদ আলী ও ছোট ভাই জহিরুল ইসলাম ভারতে যান। সেখানে কারাগারে তাঁরা ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করে দেশে ফেরেন।
পরে এ নিয়ে গ্রামে সালিস হয়। সালিসে নজরুল ও মোহাম্মদ আলী ওই ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। কিন্তু তাঁরা টালবাহানা করায় তিনি (রিপন, সবুজ ও বাবুলের আত্মীয় সিরাজুল) ২১ মে মামলা করেন। পরদিন পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে।
পাচারের শিকার জয়নালের স্ত্রী ঝর্ণা বেগম জানান, স্বামীকে মালদ্বীপ পাঠানোর জন্য তিনি ব্র্যাক থেকে এক লাখ টাকা ঋণ ও প্রতিবেশীদের কাছ থেকে এক লাখ টাকা দেনা করেছেন। পাওনাদারদের অত্যাচারে বাড়িতে থাকা কষ্টকর হয়ে পড়েছে।
এদিকে নজরুলের বিরুদ্ধে মামলা করায় সিরাজুলকে ফতেপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন তালুকদার প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিরাজুল গত বুধবার থানায় জিডি করেছেন। তবে হুমায়ুন তালুকদার অভিযোগ অস্বীকার করে জানান, ওই ব্যক্তিদের ছাড়িয়ে আনতে সালিসে নজরুল ১৫ জুন পর্যন্ত সময় নিয়েছিলেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হবে।