মিলাদে দাওয়াত না দেওয়ায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার হোমনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদে দাওয়াত না দেওয়ার অভিযোগে গতকাল বুধবার অধ্যক্ষকে লাঞ্ছিত ও কক্ষ ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভও করে।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর কলেজ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
গতকাল সকাল ১০টার দিকে এইচএসসির শিক্ষার্থীদের বিদায়ী দোয়া ও মিলাদের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু এইচএসসি পরীক্ষাদের এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি।
তবে মিলাদের খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তিন শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে থাকে।
এ সময় শিক্ষার্থীরা দোতলায় অধ্যক্ষের কক্ষের আসবাব ও মিলনায়তনের চেয়ার-টেবিল ভাঙচুর করে। তারা অধ্যক্ষ মো. কামাল হোসেনকে কিল-ঘুষি দিয়ে টেনেহিঁচড়ে নিচতলায় নামিয়ে আনে।
পরে অন্য শিক্ষকেরা অধ্যক্ষকে রক্ষা করেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থী জানায়, আগে থেকে তারা মিলাদের বিষয়টি জানত না। অথচ তাদের জন্য এ মিলাদের আয়োজন করা হয়েছে। এর প্রতিবাদে তারা কলেজে বিক্ষোভ করে।
কলেজের শিক্ষক ইকবাল হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমার সামনে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে দোতলা থেকে নিচতলায় নামিয়ে আনে। পরে আমি গিয়ে অধ্যক্ষ স্যারকে রক্ষা করি।’
এ ব্যাপারে কলেজের দাতাসদস্য চন্দন লাল রায় বলেন, ‘মিলাদের কথা শুনে কলেজে গিয়ে জানতে পারি যাদের জন্য এ আয়োজন তারা ও সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি জানে না। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে কলেজে ভাঙচুর ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।’
হোমনা থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, হোমনা ডিগ্রি কলেজে ভাঙচুর ও অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার খবর শুনে তাঁরা কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে অধ্যক্ষ কোনো লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না।’