মিলু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর তেজগাঁওয়ের আরজতপাড়ায় খ্রিষ্টান বৃদ্ধা মিলু মিলড্রেড গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, মিলু মিলড্রেড গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় জয়নাল, পারভেজ ও নাঈম নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়নালকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে এবং পারভেজ ও নাঈমকে মহাখালী বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা তিনজনই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।
বিপ্লব কুমার সরকার আরও বলেন, জয়নাল দীর্ঘদিন মিলু মিলড্রেডের বাসায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
গত শুক্রবার সকালে আরজতপাড়ার নিজেদের বাসা থেকে মিলু মিলড্রেডের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর স্বামী অনিল হিউবার্ট গোমেজ (৮০) বাসায় ছিলেন। কিন্তু অসুস্থ এই বৃদ্ধ ব্যক্তি ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি। পুলিশ শুক্রবারই বাসার গৃহকর্মী এবং অনিলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের বাসায় কিরণ নামের যে ব্যক্তি বাজার করে দিতেন, তিনি এখনো পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
বৃদ্ধ এই দম্পতির চার ছেলে। এর মধ্যে তিনজনই কানাডাপ্রবাসী, অন্যজন যুক্তরাষ্ট্রে। মিলু মিলড্রেড ছিলেন গৃহিণী আর অনিল হিউবার্ট একসময় মার্কিন অ্যাম্বাসিতে ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মিলুর দুই ছেলে কানাডা থেকে এলেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
মিলু মিলড্রেড গোমেজের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ ও শক্তিশালী কেউ এই হত্যা করেছে। হত্যাকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন মিলু। লাশের ময়নাতদন্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে। হাতে কিছু দাগ রয়েছে, যেগুলো ধস্তাধস্তির ইঙ্গিত বহন করে। যে করেছে সে শক্তিশালী। গলার কাটাটি সোজা ছিল।’
আরজতপাড়ার যে গলিতে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানে গোটা ২৫টি খ্রিষ্টান পরিবারের বাস। যে কয়েকটি বাড়ি রয়েছে, তার মধ্যে নয়টি বাড়ির মালিক খ্রিষ্টধর্মাবলম্বী। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এই গলিরই রবিন গোমেজের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। তাঁদের বাসা থেকে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় ছয় থেকে সাতজন ডাকাত। এর এক বছরের মাথায় ওই গলিরই আরেকটি বাসায় (মিলু মিলড্রেডের বাসার উল্টো পাশের বাসা) খ্রিষ্টধর্মাবলম্বী তিন ভাইবোন দুর্বৃত্তদের গুলি ও কোপে আহত হন।