মিলের তালা ভেঙে ট্রাকে করে চাল লুট
বগুড়ার শেরপুরে একটি চালকলের তালা ভেঙে দুর্বৃত্তরা ৫০ কেজি ওজনের ২৭৯ বস্তা নাজিরশাইল চাল লুট করেছে। গত শুক্রবার রাতে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন চালকলমালিকের ট্রাকচালক আবদুর রশিদ (৩৫)। দুর্বৃত্তরা তাঁর একটি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৮০০ টাকাও ছিনিয়ে নেয়।
বশির অ্যান্ড ব্রাদার্স নামের ওই চালকলের মালিক বশির উদ্দিন বলেন, ‘শুক্রবার রাত দুইটায় চালের বাছাই কাজ শেষে মিলটি বন্ধ করে দেওয়া হয়। রাত তিনটায় ২০-২৫ জন দুর্বৃত্ত মিলের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে চালের বস্তাগুলো একটি ট্রাকে তুলতে থাকে। এ সময় মিল থেকে চাল লুটের ঘটনা দেখে আমার ট্রাকের চালক আবদুর রশিদ বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে হাত-পা বেঁধে মারধর করে মিলের মধ্যে ফেলে রাখে। দুর্বৃত্তরা চাল নিয়ে যাওয়ার পর আবদুর রশিদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে এবং এ ঘটনা আমাকে জানায়। লুট করা চালের বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।’
ট্রাকচালক আবদুর রশিদ বলেন, ওই রাতে মিলের সামনে তাঁর ট্রাকে চাল বোঝাই করা ছিল। ট্রাকটি নিয়ে টাঙ্গাইলে যাওয়ার জন্য তিনি রাতে মিলের সামনে আসেন। কিন্তু মিলের সামনে গিয়ে দেখেন দুর্বৃত্তরা তালা ভেঙে চাল লুট করে তাদের নিজেদের ট্রাকে তুলছে। এ দৃশ্য দেখে তিনি দুর্বৃত্তদের বাধা দেন। পরে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে চালভর্তি ট্রাক নিয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, খবর পেয়ে তিনি গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।