মিল্ক ভিটা কারখানায় সংঘর্ষ, ও হামলা, দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানায় সংঘর্ষ ও হামলায় শাহজাদপুর থানা এবং আদালতে দুটি মামলা হয়েছে। গত রোববার পুলিশ ও মিল্ক ভিটার পরিচালকের পক্ষ থেকে ওই দুটি মামলা করা হয়।
পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশা ভাঙচুর এবং পুলিশ সদস্য বাবুল হোসেনকে মারধরের ঘটনায় শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম খান বাদী হয়ে অজ্ঞাতনামা দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
অন্যদিকে হামলা চালিয়ে একটি পিকআপ ভ্যান, একটি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও ১৫টি মোটরসাইকেল লুট করার ঘটনায় মিল্ক ভিটার পরিচালক আবদুল হামিদের পক্ষে তাঁর সহকারী আইনজীবী মামুনুর রশিদ ওরফে লিয়াকত বাদী হয়ে শাহজাদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন। এতে নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নথিভুক্ত করার জন্য শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
গত শনিবার বাঘাবাড়ী মিল্ক ভিটা চত্বরে প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের সমন্বয় সভা শুরুর আগ মুহূর্তে প্যান্ডেলে ত্রিপল না থাকাকে কেন্দ্র করে মিল্ক ভিটা পরিচালনা কমিটির পরিচালক আবদুল হামিদের সঙ্গে নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আল মাহমুদের বাগ্বিতণ্ডার জের ধরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।