মিল্ক ভিটার আদলে ভেজাল দুধ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান বলেছেন, মিল্ক ভিটার তরল দুধের প্যাকেটের আকার-আকৃতি, রং ও লোগো নকল করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদন ও বিপণন করছে। তিনি সবাইকে মিল্ক ভিটার সঠিক লোগো দেখে দুধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রী ক্রয়ের পরামর্শ দেন।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রতিষ্ঠানটির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সময় মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাজার থেকে সংগ্রহ করা রিয়াল মিল্ক, ফ্রেশ মিল্ক, পিউরা মিল্ক, ডেইরি ফ্রেশ, আলট্রা মিল্ক, আফতাব ফ্রেশ ও ঢাকা প্রাইম নামে প্যাকেটজাতকরণ তরল দুধ উপস্থাপন করা হয়। এসব প্যাকেট মিল্ক ভিটার প্যাকেটের অনুরূপ, যা গর্হিত ও বেআইনি কাজ।
প্রতিমন্ত্রী বলেন, সমবায়ীদের প্রতিষ্ঠান মিল্ক ভিটার উৎপাদিত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রীর গুণগতমান, ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অপতৎপরতা চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব কোনো দুগ্ধ সংগ্রহ, সংরক্ষণ ও শীতলীকরণ কারখানাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নেই।
প্রতিমন্ত্রী যেসব প্রতিষ্ঠান আইন অমান্য করে পণ্য বাজারজাত করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে অবহিত করার জন্য নির্দেশনা দেন।
মসিউর রহমান বলেন, মিল্ক ভিটাই একমাত্র প্রিজারভেটিভ ব্যবহার না করে ব্যাকটেরিয়ামুক্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করে। প্রতিষ্ঠানটি কোনো ব্যবসায়ী মনোভাব পোষণ না করে সেবাধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে দুগ্ধ চাহিদা মেটাতে নিরন্তর কাজ করছে। এ ব্যাপারে গণমাধ্যমকে সহায়ক ভূমিকা রাখার পরামর্শ দেন।