দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্ক ভিটার) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির পরিচালক মো. গোলাম মোস্তফা নান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) মাকলুকুর রহমান হত্যা মামলায় গোলাম মোস্তফাসহ চার আসামিকে গত রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির পৃথক তিনটি অভিযানে ওই চারজন গ্রেপ্তার হন। অভিযানগুলোর সমন্বয়কারী সিআইডি বরিশাল অঞ্চলের (জোন) জ্যেষ্ঠ এএসপি রেজাউল করিম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, রোববার রাত ১০টার দিকে সিআইডির পৃথক তিনটি দল ঢাকার মিরপুর, মোহাম্মদপুর ও সাভার এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে চিকিৎসক মাকলুকুর হত্যা মামলার আসামি গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা মঞ্জুর কাদির ও তাঁর গাড়িচালক মোনেজা আকতারকে সাভার থেকে, চিকিৎসক মেজবাহকে মোহাম্মদপুর থেকে এবং গণস্বাস্থ্য কেন্দ্রের পটুয়াখালীর গলাচিপা কার্যালয় হিসেবে ব্যবহৃত বাড়ির মালিক গোলাম মোস্তফাকে তাঁর মিরপুরের বাসা থেকে আটক করা হয়।
মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) সাখাওয়াত হোসেন গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফার পরিচয় নিশ্চিত করেছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পল্লি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা দিতে মাকলুকুর রহমানসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের ৫৬ সদস্যের একটি দল ২০১৩ সালের ৬ ডিসেম্বর পটুয়াখালীর গলাচিপায় প্রতিষ্ঠানটির উপস্বাস্থ্য কেন্দ্রে যায়। ৮ ডিসেম্বর বিকেলে ওই কেন্দ্রের পুকুরে মাকলুকুরের লাশ পাওয়া যায়। মাকলুকুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চৌবাড়িয়ায়।
চিকিৎসক মাকলুকুর রহমানের মৃত্যুর ঘটনায় তাঁর মামা মো. আজগর আলী খান ২০১৪ সালের ২১ জানুয়ারি গলাচিপা থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের উপপরিচালক মো. মিজানুর রহমান, কর্মকর্তা মঞ্জুর কাদির, মো. মেজবাহ, গৌরগোপাল সাহা, কামাল উদ্দিন আহম্মদ, মিলা আকতার, মৌসুমী বিনতে মানিক, গাড়িচালক মোনেজা আকতার, গলাচিপায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত বাড়ির মালিক মো. গোলাম মোস্তফা ও বাড়ির তত্ত্বাবধায়ক মো. শিপন পেয়াদা।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ২০১৩ সালের ৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৮ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে কোনো একসময় মাকলুকুরকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেন।
২০১৪ সালের ডিসেম্বরে পটুয়াখালীর পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠান।
মাকলুকুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডির পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. সেলিম গতকাল সোমবার দুপুরে বলেন, ‘গ্রেপ্তার করা চার আসামিকে সিআইডির পটুয়াখালী কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (আজ) সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’