মিল্ক ভিটার সমন্বয় সভায় হামলা-সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি মিল্ক ভিটার কারখানায় সমন্বয় সভার আয়োজন কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এসব হয়। এ সময় পুলিশের বহনকারী একটি অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাসের শেল ছোড়ে।
থানা-পুলিশ, মিল্ক ভিটা ও সমবায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল কারখানা-চত্বরে মিল্ক ভিটার সমবায়ীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়। এ জন্য কারখানার ভেতরে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। ওই প্যান্ডেল তৈরি নিয়ে সমবায়ী আবদুল্লাহ আল মাহমুদ ও পরিচালক আবদুল হামিদের মধ্যে কথা-কাটাকাটি থেকেই সংঘর্ষের সূত্রপাত।
মিল্ক ভিটার আওতাধীন নুকালী পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এবং পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, বৃষ্টি এবং রোদের কথা বিবেচনা করে প্যান্ডেলের ছাউনিতে ত্রিপল ব্যবহার করা হয়নি। বিষয়টি তিনি মিল্ক ভিটার পরিচালনা কমিটির পরিচালক আবদুল হামিদকে জিজ্ঞাসা করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিচালক ফোন করে শাহজাদপুর থেকে ভাড়াটিয়া বাহিনী নিয়ে এসে হামলা চালায় এবং তাঁকে বেদম মারধর করা হয়।
এদিকে সমিতির সভাপতির ওপর হামলার কথা ছড়িয়ে পড়লে নুকালী ও বাঘাবাড়ী এলাকার লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও অস্ত্র নিয়ে মিল্ক ভিটার ভেতরে হামলা চালান। বিক্ষুব্ধরা লোকজন দফায় দফায় সভাস্থলের চেয়ার-টেবিল এবং পাশে থাকা ১০টি মোটরসাইকেল ও পাঁচটি জিপ গাড়ি ভাঙচুর করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে।
বিক্ষুব্ধ লোকজন মিল্ক ভিটার প্রধান ফটকে ট্যাঙ্ক লরি রেখে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পাঁচজন পুলিশ সদস্য সিএনজি অটোরিকশা করে আসার পথে অটোরিকশাটিও ভাঙচুর করেন।
সংঘর্ষ চলার সময় সভার প্রধান অতিথি সাংসদ হাসিবুর রহমান সভাস্থলে এসে ভেতরে ঢুকতে না পেরে পাশের ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আশ্রয় নেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন মিছিল করে পরিচালক আবদুল হামিদের অপসারণ দাবি করেন। প্রায় দুই ঘণ্টা পর অতিরিক্ত র্যা ব ও পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগ অস্বীকার করে পরিচালক আবদুল হামিদ বলেন, ‘আমি কোনো লোকজনকে ডেকে আনিনি। আল মাহমুদ এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। তিনি সমন্বয় সভা নিয়ে গালিগালাজ করায় উপস্থিত লোকজনই তাঁকে মারধর করেছেন। আমার কোনো লোক এখানে আসেনি।’
মিল্ক ভিটার চেয়ারম্যান নাদির হোসেন বলেন, বহিরাগত কিছু লোকজন মিল্ক ভিটায় ঢুকে ভাঙচুর করেন। তাঁরা ২০টি মোটরসাইকেল লুট ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। তাঁর দাবি—‘বর্তমান কমিটির প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি শ্রেণি এ ঘটনা ঘটিয়েছে।’ এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান তিনি।
সাংসদ হাসিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।