মিষ্টি ও ওষুধের দোকানের জরিমানা
চট্টগ্রামের সিরাজ উদ দৌলা সড়কে দোকানের পেছনে মিষ্টি তৈরির কারখানা। কারখানার সঙ্গে লাগোয়া আবর্জনা ভর্তি শৌচাগার। কারখানার মেঝেতে যত্রতত্র পড়ে আছে ময়লা। কারখানাজুড়ে দুর্গন্ধ। এর মধ্যেই চলছে মিষ্টি তৈরি। এমন অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র নগরের দত্ত সুইটসের।
এমন চিত্র দেখে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আজ রোববার ওই দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। অন্যদিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে এ এলাকাসহ নগরের বিভিন্ন স্থানে পাঁচটি ওষুধের দোকানকে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ফার্মেসিকে সিলগালা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ভেজালবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন। ওষুধ প্রশাসন চট্টগ্রাম এবং পুলিশ এতে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, দত্ত সুইটসের কারখানাটি টয়লেটের সঙ্গে লাগোয়া। টয়লেটের পাশেই রাখা হয়েছে মিষ্টি তৈরির নানা উপাদান। কিছু কিছু দই এবং মিষ্টিতে শ্যাওলা ধরে গেছে। এ ছাড়া পুরো কারখানায় আবর্জনা। এসব কারণে দত্ত সুইটসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভেজাল, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ভারতীয় ওষুধ বিক্রির অপরাধে একই এলাকায় মেডি ব্রাইট ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে জয় ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
পরে নগরের মুরাদপুর এলাকার অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে ক্যাল ফার্মাকে ১০ হাজার টাকা, হোমিও হেলথ কেয়ারকে ১০ হাজার টাকা, আধুনিক হোমিও হলকে ১০ হাজার টাকা এবং সেবা ফার্মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।