মিষ্টিতে বিষ মিশিয়ে খাইয়ে শিশুকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাঁদনিয়া গ্রামে কৌশলে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে শিশু পিয়াস রহমানকে (৮) হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায়।
এ ঘটনায় ওই শিশুর মা পারভীন বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, সম্পত্তির লোভে তাঁর সতিন স্বামীর সহযোগিতায় মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, মঙ্গলবার মিষ্টিতে বিষ মিশিয়ে খাওয়ানোর বিষয়ে আবদুল মমিন ও তাঁর স্ত্রী মিছে বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে শিশুটি মারা যাওয়ায় সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। আসামিরা পলাতক।
অভিযোগ ও থানার পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের আবদুল মমিনের দুই স্ত্রী পারভীন বেগম ও মিছে বেগমের মধ্যে দীর্ঘদিন কলহ চলছিল। প্রতিবেশী এক মেয়ে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় মিছে বেগম গত রোববার তাকে কিছু মিষ্টি কিনে দিয়ে পারভীনের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। এ মিষ্টি খেয়ে মুরাদ হোসেন (৪), পিয়াস রহমান (৮), কুড়ানু হোসেন (৩০), নিলুফা বিবি (৪০), আঙ্গুরা বিবি (৪৫) ও শামসুন্নাহার বেগম (৪৫) অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পিয়াসের অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার ময়নাতদন্তের পর তার লাশ দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আহমেদ ফেরদৌস জানান, হাসপাতালে ভর্তি হওয়া অপর পাঁচজনকে বিষক্রিয়ার চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছেন। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার কারণেই পিয়াসের মৃত্যু হয়েছে।