মিষ্টিতে মরা তেলাপোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ষোলশহর শপিং কমপ্লেক্সে বনফুল অ্যান্ড কোম্পানির মিষ্টিতে পাওয়া গেছে মরা তেলাপোকা। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে এই চিত্র দেখা যায়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে গতকাল নগরের অভিজাত মিষ্টিজাতীয় পণ্যের দোকান বনফুলসহ মোট পাঁচটি খাবারের দোকান এবং একটি ফার্মেসিকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জুবায়ের আহমেদ। তিনি বলেন, বনফুল মিষ্টির দোকানে মিষ্টির মধ্যে মরা তেলাপোকা পাওয়া ছাড়াও তাদের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। অন্য খাবারের দোকানগুলোর পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে।
অভিযানে থাকা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বনফুলকে ৫০ হাজার টাকা, মুরাদপুরের জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, একই এলাকার আল্লাহর দান হোটেলকে ১০ হাজার টাকা, মুরাদপুরের হাসিনা বেকারিকে ১০ হাজার টাকা, প্রবর্তক মোড়ের রয়েল হোটেলকে ১৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পাঁচলাইশের সুগন্ধা এলাকার অ্যারোমা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।