মিষ্টিতে মরা তেলাপোকা!

চট্টগ্রামের ষোলোশহর শপিং কমপ্লেক্সে অবস্থিত নামকরা বনফুল অ্যান্ড কোম্পানির মিষ্টির দোকান। আর সেখানেই আজ রোববার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখেন, মিষ্টিতে মরে পড়ে আছে তেলাপোকা। এ কারণে ওই দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে আজ রাজধানীর ধানমন্ডিতে ছয়টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম ষোলোশহর ও এর আশপাশের এলাকায় আজ রোববার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জুবায়ের আহমেদ। তিনি বলেন, বনফুল মিষ্টির দোকানে মিষ্টির মধ্যে মরা তেলাপোকা ছিল। এ ছাড়া তাদের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। একইভাবে খাবারের অন্য দোকানগুলোর পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। এ কারণে বনফুলকে ৫০ হাজার, মুরাদপুরের জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার, একই এলাকার আল্লাহর দান হোটেলকে ১০ হাজার, মুরাদপুরের হাসিনা বেকারিকে ১০ হাজার, প্রবর্তক মোড়ের রয়েল হোটেলকে ১৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পাঁচলাইশের সুগন্ধা এলাকার অ্যারোমা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে রাজধানীর ধানমন্ডিতে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরদারের নেতৃত্বে অভিযান চলে। আবু সাঈদ প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে অভিযান শুরু করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন করায় বীর উত্তম এম এ রব সড়কের সিটি খাবার ঘরকে পাঁচ হাজার, এরোমাস লাইফ কিচেনকে ৩০ হাজার, দিয়ামিন রেস্টুরেন্টকে ৩০ হাজার, রসুই রেস্টুরেন্টকে ৩০ হাজার, বাবুর্চি রেস্টুরেন্টকে ৩০ হাজার ও কড়াই গোশতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জরিমানা করা প্রতিটি দোকানের পরিবেশ অনেক নোংরা ছিল। কয়েকটিতে খাবারের মূল্যতালিকা উল্লেখ করা ছিল না। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ পুলিশ সুপার আমির হোসেনসহ স্থানীয় থানা–পুলিশ সহযোগিতা করেছে।
