মিষ্টির দোকানিকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা শহরে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারের মালিক কেরু ঘোষকে জঙ্গি সংগঠন ‘জেএমবি’র নামে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার ডাক বিভাগের রেজিস্ট্রি করা ওই চিঠিটি লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে আসে।
কেরু ঘোষ বলেন, বেলা ১১টার দিকে ডাক বিভাগের লোক দোকানে একটি চিঠি দিয়ে যায়। তখন তিনি দোকানে ছিলেন না। বেলা তিনটার দিকে দোকানে এসে তিনি চিঠিটি খোলেন। এতে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পরে তিনি বিষয়টি থানা-পুলিশকে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, এর আগে পাবনা জেলা জজ সাহেবকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। একটি চক্র এগুলো করছে। চক্রটিকে ধরতে অভিযান চলছে।