মিয়ানমার থেকে আসা আইসের চালান গভীর সমুদ্র থেকে যেভাবে দেশে ছড়িয়ে দেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইস
প্রথম আলো

বাংলাদেশের একটি চক্র মিয়ানমার চক্রের কাছ থেকে গভীর সমুদ্রে ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইসের চালান গ্রহণ করে আসছিল। জসিম উদ্দিনের নেতৃত্বে ১৫ জনের চক্রটি এসব মাদক ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। গতকাল বুধবার রাতে গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১৫–এর একটি দল মুন্সিগঞ্জের গজারিয়ায় আইস কারবারের একটি চক্রের মূল হোতা জসিম উদ্দিন ওরফে জসিম (৩২) চার সহযোগীসহ আটক করা হয়।

সহযোগীরা হলেন মকসুদ মিয়া (২৯), রিয়াজ উদ্দিন (২৩), শাহিন আলম (২৮) ও সামছুল আলম (৩৫)। তাঁদের কাছ থেকে ১২ কেজি আইস (আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা), ১ লাখ ইয়াবা, ৪ হাজার ৬০০ চেতনানাশক মাদক সিডাকটিভ ইনজেকশন, ২টি বিদেশি পিস্তল, ৯টি গোলাবারুদ, ২টি টর্চলাইট, বার্মিজ সিম কার্ড, ১ লাখ ৬৪ হাজার বাংলাদেশি টাকা ও ১ লাখ বার্মিজ মুদ্রা ও ৫টি মুঠোফোন ফোন জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলেনে এসব তথ্য জানানো হয়। এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে আটক মাদক চক্রের সদস্যরা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে ট্রলারের মাধ্যমে মিয়ানমারের মাদক চক্রের সদস্যরা বাংলাদেশের এই চক্রের কাছে ইয়াবা ও আইসের চালান হস্তান্তর করেন। সাগরপথে মাদকের চালান গ্রহণ ও নিরাপদ স্থলে পৌঁছানোর জন্য এ চক্রের সদস্যরা ২০-২৫ দিন ধরে জেলেদের ছদ্মবেশ নিয়ে গভীর সমুদ্রে অবস্থান করেন। মাদকের চালান গ্রহণের পর সুবিধাজনক সময়ে তাঁরা সোনাদিয়া দ্বীপে চলে আসেন। এরপর ইয়াবা ও আইসের চালান সোনাদিয়া ও মহেশখালী দ্বীপের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন। সুবিধাজনক সময় চক্রটি সোনাদিয়া থেকে দুটি নৌকার মাধ্যমে নোয়াখালীর হাতিয়াতে ক্রিস্টাল আইস ও ইয়াবার চালান নিয়ে আসত। মাদকের চালান হাতিয়ার সদস্যদের তত্ত্বাবধানে মাদকের চালান সংরক্ষণ করতেন তাঁরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বরাত দিয়ে খন্দকার আল মঈন বলেন, মাদক চক্রের সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় মেঘনা নদী হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া-ঢাকার আশপাশে মাদক পৌঁছে দিতেন। মাদকের চালান মুন্সিগঞ্জে পৌঁছানোর পর রাজধানীর এ চক্রটি আইস ও ইয়াবার চালান গ্রহণ করে এবং সড়কপথে বিভিন্ন মাধ্যমে কৌশলে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। নৌপথে মাদক পরিবহনে তাঁরা বিভিন্ন নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য চক্রটি দুটি নৌকা ব্যবহার করে। সামনের নৌকাটিকে নজরদারি করতে ব্যবহার করত এবং পরের নৌকাটিতে মাদক বহন করা হতো। মুঠোফোন অথবা টর্চলাইট সিগন্যালের মাধ্যমে উভয় নৌকার সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। পথিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মুখীন বা সন্দেহজনক কিছু আঁচ করতে পারলে পেছনের মাদকবাহী নৌকাকে সংকেত দিত সামনের নৌকা।

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন আরও বলেন, গ্রেপ্তার হওয়া জসিম পাঁচ থেকে সাত বছর মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি লবণ ব্যবসার আড়ালে আইসের কারবার করতেন। তিনি মূলত মিয়ানমারের মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় সাধন করতেন। গ্রেপ্তার শাহীন আলম জসিমের প্রধান সহযোগী। তিনি সাগর ও নৌপথে মাদক পরিবহনের মূল দায়িত্ব পালন করতেন। তাঁর বিরুদ্ধে মহেশখালী থানায় মানব পাচার ও মারামারির দুটি মামলা রয়েছে। শামছুল আলমের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র ও মারামারির তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার মকসুদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার শাহীন, সামসু ও মকসুদ মাদক বহন ও নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। রিয়াজ উদ্দিন মাদক পরিবহনে নজরদারির জন্য স্কর্ট বোটে (নজরদারি নৌকা) স্কর্টিংয়ের দায়িত্ব পালন করতেন।